চোখের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আগামী পাঁচ বছরে ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার। এ বিনিয়োগের আওতায় দেশের প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষুসেবা দেওয়া, ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অস্ত্রোপচার এবং সারা দেশে ১ কোটি চশমা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত বৈশ্বিক চোখের স্বাস্থ্য সম্মেলনে (গ্লোবাল সামিট ফর আই হেলথ) এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডা সরকারের আয়োজনে এবং বাংলাদেশ, গায়ানা, আয়ারল্যান্ড ও নাইজেরিয়া সরকারের সহ-আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি সহযোগিতায় এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হয়।
সম্মেলনে ঘোষিত এ প্রতিশ্রুতি বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য দৃষ্টিশক্তি হারানোর সমস্যা দূর করার বৃহত্তর কর্মপরিকল্পনার অংশ। এতে বিভিন্ন দেশের সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, নাগরিক সমাজের সংগঠন ও বেসরকারি খাতের অংশীদাররা চোখের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বিভিন্ন অঙ্গীকার ঘোষণা করেন।
বাংলাদেশে প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বিবেচনায় চক্ষুসেবার পরিধি বাড়ানো জরুরি। ছানি অস্ত্রোপচার, চশমা বিতরণ এবং কমিউনিটিভিত্তিক চক্ষুসেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আরও লাখ লাখ মানুষকে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা সম্ভব।
আইএপিবির ভিশন অ্যাটলাসে প্রকাশিত ‘ভ্যালু অব ভিশন: দ্য কেস ফর ইনভেস্টিং ইন আই হেলথ’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চোখের স্বাস্থ্য খাতে প্রায় ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হলে আনুমানিক ২৩১ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক সুফল অর্জন সম্ভব। একই সঙ্গে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি কমানো, শিক্ষার মান উন্নয়ন এবং অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়ানো যাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত বলেন, ‘প্রতিটি নাগরিকের দৃষ্টিশক্তি পরীক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব থেকে মানুষকে সুরক্ষা দিয়ে স্বাভাবিক দৃষ্টিশক্তি নিশ্চিত করা আমাদের জাতীয় অঙ্গীকার। জাতীয় স্বাস্থ্যব্যবস্থার মাধ্যমে আমরা অন্ধত্ব, দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা এবং এ-সংক্রান্ত রোগের প্রচার, প্রতিরোধ ও চিকিৎসা নিশ্চিত করতে চাই। দেশের প্রতিটি নাগরিকের কাছে চক্ষুসেবা পৌঁছে দিতে আমরা জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করব।
বাংলাদেশে চক্ষুসেবার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভিশনস্প্রিং। বিশেষ করে সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কমিউনিটিভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন বলেন, ‘চশমা কোনো বিলাসদ্রব্য নয়। এটি মানুষের জীবিকা, স্বনির্ভরতা এবং সার্বিক সুস্থতা উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশে দুই দশকেরও বেশি সময় ধরে ভিশনস্প্রিং কমিউনিটিভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে দায়িত্ব ভাগাভাগির পদ্ধতি (টাস্ক শেয়ারিং) প্রসারে কাজ করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে চশমা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, তৈরি পোশাক কারখানা, আন্তর্জাতিক ব্র্যান্ড এবং পরিবহন শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও পরিবহন খাতের কর্মীদের কাছে চক্ষুসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি দৃষ্টিশক্তি সেবার সুযোগ বাড়াতে সরকারের উদ্যোগেও সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি।
মিশা মাহজাবিন আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৭৫ লাখ মানুষের দৃষ্টিশক্তির সমস্যা চশমার মাধ্যমে সংশোধনের অঙ্গীকার করেছে ভিশনস্প্রিং। এটি বিশ্বব্যাপী আরও ২ কোটি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ।
তিনি জানান, ক্যাটালআইজ (CatalEYES) উদ্যোগের মাধ্যমে কারিগরি সহায়তা, সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি এবং সাশ্রয়ী মূল্যে প্রয়োজন অনুযায়ী উপযোগী চশমা সরবরাহ করা হবে। এর মাধ্যমে সেবাদানের সক্ষমতা ও সেবা গ্রহণের হার বাড়ানোর পাশাপাশি অংশীদারদের নিয়ে দৃষ্টিশক্তি সেবাপ্রাপ্তির বিদ্যমান ঘাটতি দূর করার কাজ করবে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে পরিচালিত সাম্প্রতিক এক জাতীয় পর্যায়ের গবেষণায় দেখা গেছে, ৩৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে গ্লুকোমায় আক্রান্ত হওয়ার হার ৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে, টিএইচআরআইভিই (THRIVE) গবেষণায় দেখা গেছে, যেসব পেশায় কাছের জিনিস দেখার প্রয়োজন হয়, সেসব পেশার কর্মীদের চশমা সরবরাহের ফলে তাঁদের মধ্যম মাসিক আয় ৩৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
গবেষণার এসব ফলাফল সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চক্ষুসেবা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে। একই সঙ্গে নারী ও মেয়েশিশুরা যাতে প্রয়োজনীয় চক্ষুসেবা গ্রহণ করতে পারে এবং উন্নত দৃষ্টিশক্তির সুফল সমানভাবে ভোগ করতে পারে, সে জন্য লিঙ্গসমতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী পিটার হল্যান্ড বলেন, ‘বৈশ্বিক চোখের স্বাস্থ্য সম্মেলন বিশ্বব্যাপী চক্ষুস্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দৃষ্টিশক্তি রক্ষায় সেবার সুযোগ সম্প্রসারণের অভিন্ন অঙ্গীকার নিয়ে এর আগে এত বিপুলসংখ্যক সরকার, প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা কখনো একত্রিত হননি।
তিনি বলেন, এ সপ্তাহে ঘোষিত বিভিন্ন অঙ্গীকারের সমন্বিত উদ্যোগ শত শত কোটি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। এর ফলে তাঁরা শিক্ষা গ্রহণ, কর্মক্ষেত্রে সক্রিয় থাকা, পরিবারের যত্ন নেওয়া এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন।
পিটার হল্যান্ডের মতে, চোখের স্বাস্থ্য খাতে বিনিয়োগকে এখন মানবিক সম্ভাবনার বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে বিনিয়োগ হিসেবে ক্রমবর্ধমানভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
ফুলপ্যান্ট পরার কারণে বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করা প্রসঙ্গে।





