ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন সামাজিক মাধ্যমে তার বাগদান হয়েছে—এমন সংবাদ সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি এবং এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ বা তথ্য যাচাই না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এ খবরের পর প্রকাশ্যে এসে ক্ষোভ ও অসন্তোষ জানান অভিনেত্রী।
জেবিন বর্তমানে বাবার চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে অবসান করছেন। তিনি জানিয়েছেন, এই সময়ে বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিয়ে যাচ্ছেন। এই সংবেদনশীল সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে অযাচাই করা সংবাদ তার কাছে বিব্রতিকর।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে জেবিন লিখেছেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।” তিনি কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে ওই সংবাদ প্রকাশের বিষয়ে অসন্তোষও প্রকাশ করেন।
ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব বলে জানান জেবিন। তিনি বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এ বিষয়ে বেশি দায়িত্বশীলতা আশা করেন। অভিনেত্রীর মতে, ভুল সংবাদের প্রভাব শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতে সীমাবদ্ধ থাকে না; তা পরিবার ও ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করে।
শুরুতে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও পরবর্তী সময়ে জেবিন বিনোদন জগতে পা রাখেন এবং অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ধারাবাহিক নাটক “দেনা পাওনা”-এ “নাবিলা সিক্স” চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মধ্যে পরিচিতি লাভ করেন।



-6ab6c786d4aaf.jpg)
