বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও কমিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিভিন্ন ক্যারেটে স্বর্ণের নতুন দাম
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করা হয়েছে।
এক সপ্তাহ আগে ১৯ সেপ্টেম্বর বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বেড়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা ও ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা হয়েছিল। ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও যথাক্রমে ১ হাজার ৩০১ ও ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছিল। ফলে সপ্তাহের ব্যবধানেই দাম সমন্বয়ের এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুপার দামেও হ্রাস
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে সংগঠনটি। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হলেও ৫৯ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পড়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা হয়েছিল, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে উল্লেখ করা হয়েছে।






