দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২২ ক্যারেট রুপার দাম ২৯২ টাকা কমিয়ে প্রতি ভরি ৪ হাজার ৮৪০ টাকা করা হয়েছে।
অন্য মানের স্বর্ণের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করা হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানেই দাম ফেরানো হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করেছিল। ওই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩০১ টাকা বেড়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বেড়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারিত হয়েছিল।
রুপার নতুন দাম
রুপার ক্ষেত্রেও বিভিন্ন মানের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্তে প্রতি ভরি ২১ ক্যারেট রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেট রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ১১৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফায় দাম বাড়ানো হলেও ৫৯ দফায় তা কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পড়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারী ২২ ক্যারেট স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারিত হয়েছিল।




