সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি দাবি করেন, যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাগ্রে।
শুক্রবার নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, মানুষের সঙ্গে আচরণে সর্বদা সম্মান প্রদর্শন এবং নৈতিক মান সংরক্ষণ ও বৃদ্ধি করাই সংগঠনের সফলতার মূল কৌশল। এ লক্ষ্যে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারিত করে জনসম্পৃক্তি অর্জনে এগিয়ে যেতে হবে।
একই সঙ্গে তিনি সদস্য ও নেতাকর্মীদের অবৈধ উপার্জন থেকে দূরে থাকার আহ্বান জানান। তাঁর মতে, ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা এবং সংগঠনের অন্তর্ভুক্ত সকলের ক্ষেত্রে নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সংগঠনের মর্যাদা রক্ষার জন্য অপরিহার্য।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সঞ্চালনা করেন। অন্যান্য বক্তাদের মধ্যে রয়েছেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান।



-6ab7db813afb0.jpg)

