বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের নানা সমস্যা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির উদ্দেশ্যে নতুন একটি উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের কষ্ট লাঘবাতে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।
ইমেইলে সরাসরি অভিযোগ পাঠানোর সুবিধা
প্রবাসী মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা তাদের সমস্যা, মানবিক সহায়তা বা যেকোনো অভিযোগ সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইমেইলে প্রাপ্ত প্রতিটি আবেদন ও অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত বিবেচনা করে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন
সেলটির কার্যপ্রণালী অনুযায়ী, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক এবং সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এতে সমস্যাগুলো নীতিনির্ধারক পর্যায়ে পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের অফিস আদেশে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিবেচনা করবে বিশেষ এই সেল। বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট ইমেইল ঠিকানায় নিজেদের আবেদন ও অভিযোগ সরাসরি জানাতে পারবেন।



