ফুটবল ক্লাব বার্সেলোনা আর্থিকভাবে স্থিতিশীল অবস্থানে ফিরতে নতুন উদ্যোগ নিয়েছে। সংস্কারিত ক্যাম্প ন্যুর ২ হাজার ভিআইপি আসন দীর্ঘমেয়াদি লাইসেন্সের আওতায় বিক্রি করে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো আয়ের প্রত্যাশা রাখছে স্প্যানিশ ক্লাবটি। এই অর্থের মাধ্যমে স্টেডিয়াম খোলার পর ক্লাবের দীর্ঘমেয়াদি আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৫ ও ৩০ বছর মেয়াদি লাইসেন্স
নতুন ভিআইপি আসনগুলো ১৫ এবং ৩০ বছর—এই দুই মেয়াদে বিক্রির পরিকল্পনা করেছে বার্সেলোনা। সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী ক্রেতাদের অবশ্থানে বসেই অর্থ পরিশোধ করতে হবে। ক্লাবটির আশা, আগামী আড়াই মৌসুমের মধ্যে সবগুলো আসন বিক্রির কাজ শেষ হবে। তবে ৭০০ মিলিয়ন ইউরো একসঙ্গে আয় হবে না; চুক্তিগুলোর বিভিন্ন মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই অর্থ বার্সেলোনার হিসাবে যুক্ত হবে।
আগের বাণিজ্যিক চুক্তি থেকে আয়
ভিআইপি আসন বিক্রি বার্সেলোনার জন্য নতুন ধারণা নয়। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি সর্বোচ্চ ৩০ বছর মেয়াদে ৪৭৫টি ভিআইপি আসন বিক্রির চুক্তি করে, যার মোট মূল্য ছিল ১০০ মিলিয়ন ইউরো। এছাড়া প্রায় ৫ হাজার ভিআইপি আসন ইতিমধ্যে বাণিজ্যিকভাবে বিক্রি করেছে বার্সেলোনা। বিভিন্ন মেয়াদের এসব চুক্তি থেকে ক্লাবটির নিশ্চিত আয় ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি বলে জানানো হয়েছে।
সংস্কারিত স্টেডিয়ামের আর্থিক ভিত্তি
ক্যাম্প ন্যুর সংস্কারকাজ সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮-২৯ মৌসুমে পুরোপুরি শেষ হওয়ার কথা। ফলে নতুন স্টেডিয়ামে বাণিজ্যিক সুবিধাগুলো শুধু বর্ধিত আয়ের উৎস নয়—বার্সেলোনার দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। ভিআইপি লাইসেন্স বিক্রির মাধ্যমে পাওয়া চলমান রাজস্ব স্টেডিয়াম খোলার পরও ক্লাবের আর্থিক সক্ষমতা অবস্থায় থাকতে সহায়তা করবে।






