আর্থিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুন করে ২ হাজার ভিআইপি আসনের দীর্ঘমেয়াদি লাইসেন্স বিক্রি করে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো আয়ের প্রত্যাশা করছে লা লিগার ক্লাব বার্সেলোনা। সদ্য সংস্কারিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম থেকেই এই বিপুল অঙ্কের রাজস্ব আয় করার পরিকল্পনা করেছে স্পানিশ ক্লাবটি।
বার্সেলোনার জানানো অনুযায়ী, নতুন ভিআইপি আসনগুলো ১৫ এবং ৩০ বছর মেয়াদি লাইসেন্সের আওতায় বিক্রি করা হবে। সংশ্লিষ্ট ক্রেতাদের চুক্তির শুরুতেই টাকা পরিশোধ করতে হবে। ক্লাবটি আশা করছে আগামী আড়াই মৌসুমের মধ্যে সব আসন বিক্রির কাজ শেষ হবে। তবে ৭০০ মিলিয়ন ইউরোর পুরো অর্থ একসঙ্গে আয় হবে না; চুক্তির পুরো মেয়াদজুড়ে তা বার্সেলোনার আয় হিসেবে জমা হবে।
ভিআইপি আসন বিক্রি বার্সেলোনার জন্য নতুন উদ্যোগ নয়। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি সর্বোচ্চ ৩০ বছর মেয়াদে ৪৭৫টি ভিআইপি আসনের চুক্তি করেছিল। সেই চুক্তির মূল্য ছিল ১০০ মিলিয়ন ইউরো। এর আগে প্রায় ৫ হাজার ভিআইপি আসন বাণিজ্যিকভাবে বিক্রির মাধ্যমে ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি আয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে বার্সেলোনা। তবে সব আসনের লাইসেন্স মেয়াদ এক নয়।
নতুন ক্যাম্প ন্যুর ভিআইপি আসন বিক্রির কৌশলকে কেবল একটি স্বল্পমেয়াদি আয়ের উদ্যোগ হিসেবে দেখা যায় না। বিভিন্ন মেয়াদে লাইসেন্স বিক্রির মাধ্যমে ক্লাবটি স্থায়ীভাবে রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি করছে। ক্রেতাদের অগ্রিম পরিশোধের ধারাবাহিকতায় স্বল্পমেয়াদে বিশাল নগদ অর্থ পাওয়াও বার্সেলোনার আর্থিক সক্ষমতায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮-২৯ মৌসুমে ক্যাম্প ন্যুর সংস্কারকাজ পুরোপুরি শেষ হওয়ার কথা। এরপর স্টেডিয়ামের নতুন ভিআইপি বাণিজ্য বার্সেলোনার দীর্ঘমেয়াদি আর্থিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। ভবিষ্যতে আসন বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ক্লাবের আর্থিক ভিত্তি মজবুত করার পাশাপাশি স্টেডিয়ামভিত্তিক দীর্ঘমেয়াদি আয় কাঠামো তৈরিতেও সহায়তা করতে পারে।






