আর্থিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুন করে ২ হাজার ভিআইপি আসনের দীর্ঘমেয়াদি লাইসেন্স বিক্রির পরিকল্পনা করেছে লা লিগার ক্লাব বার্সেলোনা। নতুনভাবে সংস্কারিত ক্যাম্প ন্যু থেকে এই বিপুল অঙ্কের রাজস্ব আয় পাওয়ার আশা করছে ক্লাবটি।
১৫ ও ৩০ বছর মেয়াদি লাইসেন্স
বার্সেলোনা জানিয়েছে, নতুন ভিআইপি আসনগুলো ১৫ ও ৩০ বছর মেয়াদি লাইসেন্সের আওতায় বিক্রি করা হবে। ক্রেতাদের চুক্তির শুরুতেই সংশ্লিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। ক্লাবটি আগামী আড়াই মৌসুমের মধ্যে সব আসন বিক্রি করে লক্ষ্যে পৌঁছানোর আশা করছে।
তবে লক্ষ্য হিসেবে উল্লিখিত ৭০০ মিলিয়ন ইউরো একবারে বার্সেলোনার আয় হবে না। চুক্তি সম্পাদনের পর লাইসেন্সের পুরো মেয়াদ জুড়ে ক্লাবটি এই অর্থ থেকে রাজস্ব পাবে। তাই বিক্রির অঙ্ককে বার্সেলোনার দীর্ঘমেয়াদি আর্থিক আয় হিসেবে বিবেচনা করতে হবে।
আগের বিক্রি থেকে ৩৮০ মিলিয়ন ইউরো
ভিআইপি আসন বিক্রি বার্সেলোনার জন্য নতুন উদ্যোগ নয়। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ৩০ বছর মেয়াদি ৪৭৫টি ভিআইপি আসনের চুক্তি করেছিল ক্লাবটি। সেই চুক্তির মূল্য ছিল ১০০ মিলিয়ন ইউরো।
এর আগে প্রায় ৫ হাজার ভিআইপি আসন বাণিজ্যিকভাবে বিক্রি করেছে বার্সেলোনা। বিভিন্ন মেয়াদের লাইসেন্সের আওতায় এসব আসন থেকে চুক্তি অনুযায়ী ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি আয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ক্লাবটি।
ক্যাম্প ন্যুর সংস্কারের সঙ্গে আর্থিক পরিকল্পনা
সবকিছু ঠিকঠাক এগোলে ক্যাম্প ন্যুর সংস্কারকাজ ২০২৮-২৯ মৌসুমে পুরোপুরি শেষ হওয়ার কথা। এর ফলে স্টেডিয়ামের নতুন ভিআইপি আসন বিক্রির উদ্যোগটি শুধু বাড়তি আয়ের উপায় হিসেবে নয়, ক্লাবের দীর্ঘমেয়াদি আর্থিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।






