আর্থিক সংকটে ঘুরে দাঁড়াতে লা লিগার ক্লাব বার্সেলোনা নতুনভাবে সংস্কারিত ক্যাম্প ন্যুর ২ হাজার ভিআইপি আসন বাণিজ্যিকভাবে বিক্রির পরিকল্পনা করেছে। দীর্ঘমেয়াদি লাইসেন্সের মাধ্যমে এই আসনগুলো থেকে চুক্তির পুরো মেয়াদ জুড়ে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো রাজস্ব আয় পাওয়ার আশা করছে স্পানিশ চ্যাম্পিয়নশিপের এই ক্লাবটি।
বার্সেলোনার জানানো অনুযায়ী, নতুন ভিআইপি আসনগুলো ১৫ এবং ৩০ বছর—এই দুই মেয়াদে বিক্রি করা হবে। ক্রেতাদের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তির শুরুতেই অর্থ পরিশোধ করতে হবে। তবে ৭০০ মিলিয়ন ইউরোর সম্পূর্ণ অঙ্গ একবারে আয় হবে না; লাইসেন্সের মেয়াদ অনুযায়ী সেই অর্ধ চুক্তির পুরো সময় জুড়ে বার্সেলোনা পাবে। আগামী আড়াই মৌসুমের মধ্যে সব আসন বিক্রি হওয়ার আশা করছে ক্লাবটি।
ভিআইপি আসন বিক্রি বার্সেলোনার জন্য নতুন উদ্যোগ নয়। গত ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ৩০ বছর মেয়াদে ৪৭৫টি ভিআইপি আসনের চুক্তি করে ক্লাবটি। ওই চুক্তির মূল্য ছিল ১০০ মিলিয়ন ইউরো। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ভিআইপি আসন বাণিজ্যিকভাবে বিক্রি করেছে বার্সেলোনা, যার ফলে চুক্তির শর্ত অনুযায়ী ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি আয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ক্লাব। তবে বিভিন্ন আসনের লাইসেন্স মেয়াদ ভিন্ন রকম।
ক্যাম্প ন্যুর ভিআইপি বাণিজ্য এখন শুধু স্টেডিয়ামের আয়ের উৎস হিসেবে দেখা হচ্ছে না, এটি বার্সেলোনার দীর্ঘমেয়াদি আর্থিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন মেয়াদে আসন বিক্রির মাধ্যমে ক্লাবটি ভবিষ্যতে নিয়মিত রাজস্ব প্রবাহ তৈরি করতে চাইছে। নতুন ব্যবস্থার সফলতা চুক্তি সম্পাদন, ক্রেতা অনুমোদন এবং সময়মতো বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ক্যাম্প ন্যুর সংস্কারকাজ ২০২৮-২৯ মৌসুমে পুরোপুরি শেষ হওয়ার কথা। উন্নত স্টেডিয়াম, বর্ধিত বাণিজ্যিক সুবিধা এবং দীর্ঘমেয়াদি ভিআইপি লাইসেন্স—এসব মিলিয়ে ক্যাম্প ন্যুকে আর্থিকভাবে আরও শক্তিশালী করার চেষ্টা করছে বার্সেলোনা।






