শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

স্বাধীনতার খাঁচা ভাঙার সন্ধানে মঞ্চে ‘দুই পাখি ও নন্দিনী’

রবীন্দ্রনাথের ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’কে আশ্রয় করে নির্মিত নাট্যাঙ্গনের ২৮তম প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়েছে। প্রায় দেড় ঘণ্টার নাটকটি স্বাধীনতা, পরাধীনতা, মুক্তি ও মানবিকতার দ্বন্দ্বকে সামনে রেখে দর্শকের মনোযোগ আকর্ষণ করে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬ এএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬ এএম
স্বাধীনতার খাঁচা ভাঙার সন্ধানে মঞ্চে ‘দুই পাখি ও নন্দিনী’

প্রাচুর্য, বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের বিনিময়ে পরাধীনতা নাকি অনিশ্চয়তা ও কষ্টের মধ্যেও স্বাধীন জীবন—এই দ্বন্দ্বকে কেন্দ্রে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হয়েছে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। শুক্রবার সন্ধ্যায় মূল হলে অনুষ্ঠিত উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকরা দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রের উপর ভিত্তি করে তৈরি এক নাটক।

প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক ষড়ৈশ্বর্য লাকী ইনাম। নাটকে সোনার খাঁচায় আটকে থাকা নিরাপদ কিন্তু পরাধীন জীবনের মুখোমুখি রাখা হয়েছে ঝুঁকি ও কষ্টের মধ্যে স্বাধীন বনের পাখির জীবনকে। খাঁচার পাখি ও বনের পাখির সাক্ষাতের মধ্য দিয়ে স্বাধীনতা ও পরাধীনতার দুই সত্তার সংগ্রামকে উপস্থাপন করা হয়েছে।

যখন দুই পাখি নিজস্ব শক্তিতে মুক্তির পথ খুঁজে পায় না, তখন নাটকে আবির্ভূত হয় ‘রক্তকরবী’-র নন্দিনী। যক্ষপুরীর মকররাজের শোষণ ও ভয়ভীতিতে দিনের পর দিন খনিতে শ্রম দিতে যন্ত্রে পরিণত হওয়া কিশোর ও ফাগুলালের মতো অসংখ্য মানুষের মানবিক অস্তিত্ব ও মুক্তির পথ খুঁজে দেখানো হয়েছে তার চরিত্রের মাধ্যমে। সেই ঐতিহাসিক দ্বন্দ্বকে ইন্টারনেট, স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শোষণ-শাসণের আধুনিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে সমকালীন শিল্পরূপ দিয়েছেন লাকী ইনাম।

নাটক সম্পর্কে লাকী ইনাম বলেন, ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথের একই বক্তব্যের দুই রূপ। তাঁর মতে, সব মানুষের স্বাধীনতাই ওই একই বক্তব্যের কেন্দ্রে থাকে। প্রকৃত স্বাধীনতা শুধু নিজের চারপাশের প্রাচীর বা খাঁচা ভাঙার মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যকে খাঁচায় আটকে রাখার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা এবং অন্যকেও বাঁচার সুযোগ তৈরি করা। তিনি জানান, এই ভাবনা থেকেই দুই পাখির মুক্তির সন্ধান ও নন্দিনীর দেওয়া উত্তরকে একত্রিত করে তৈরি হয়েছে নতুন প্রযোজনাটি।

গত ৪ সেপ্টেম্বর জীবনের ৭৫ বছরে পদার্পণ করেন লাকী ইনাম। জন্মদিন উদযাপনের বদলে নতুন নাটক সৃষ্টি ও মঞ্চায়নের মাধ্যমে শিল্পজীবনের এই মাইলফলক উদযাপন বেছে নিয়েছেন তিনি। নাটকের পাণ্ডুলিপি লেখায় হৃদি হক তাঁকে অনুপ্রাণিত করেছেন বলে জানান নির্দেশক। অভিনয়, মঞ্চসজ্জা, আবহসংগীত, পোশাক ও দ্রব্যসম্ভারে নাগরিক নাট্যাঙ্গনের কার্যকরীদের সহযোগিতা রয়েছে; আলোকবিষয়ক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন ঠান্ডু রায়হান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ