প্রাচুর্য, বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের বিনিময়ে পরাধীনতা নাকি অনিশ্চয়তা ও কষ্টের মধ্যেও স্বাধীন জীবন—এই দ্বন্দ্বকে কেন্দ্রে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হয়েছে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকরা দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রের ভাবনায় নির্মিত একটি সমকালীন নাটক।
প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যশিল্পী, নাট্যকার ও নির্দেশক ষড়ৈশ্বর্য লাকী ইনাম। নাগরিক নাট্যাঙ্গনের ২৮তম প্রযোজনা হিসেবে এটির মঞ্চায়ন করা হয়। প্রায় দেড় ঘণ্টার নাটকটি ইন্টারনেট, স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শোষণ-শাসন ও আগ্রাসনের বাস্তবতায় মানুষের জীবন যখন ক্রমশ যান্ত্রিক হয়ে উঠছে, তখন স্বাধীনতা ও মুক্তির অর্থকে নতুনভাবে প্রশ্নের মুখে তুলে ধরেছে।
নাটকের কেন্দ্রে রয়েছে খাঁচার পাখি ও বনের পাখির সাক্ষাৎ। নিরাপদ কিন্তু পরাধীন জীবনের সোনালি খাঁচার বিপরীতে ঝুঁকি ও কষ্টের মধ্যে থেকেও মুক্ত বনের পাখির মতো স্বাধীন থাকার পথ। খাঁচার পাখি ও বনের পাখির দ্বন্দ্বে স্বাধীনতা ও পরাধীনতার দুই সত্তা মুখোমুখি হলেও নিজস্ব শক্তিতে মুক্তির পখানা খুঁজে পায় না। তখন সেখানে আবির্ভাব ঘটে ‘রক্তকরবী’র নন্দিনীর।
যক্ষপুরীর মকররাজের শোষণ ও ভয়ভীতির মধ্যে দুর্বল মানুষ যখন খনিতে শ্রম দিতে দিতে যান্ত্রে পরিণত হয়, নন্দিনী তখন তাদের মানবিক অস্তিত্ব ও মুক্তির সন্ধান দেন। লাকী ইনাম এই ভাবনাকে সমকালের প্রেক্ষাপটে নতুন শিল্পরূপ দিয়ে সাজিয়েছেন। তাঁর মতে, ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথের একই বক্তব্যের দুই ধরনের শিল্পরূপ—সেই বক্তব্য হলো সর্বপ্রাণী ও সব মানুষের স্বাধীনতা।
লাকী ইনাম ব্যাখ্যা করেন, স্বাধীনতা শুধু নিজের চারপাশের প্রাচীর বা খাঁচা ভাঙার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত স্বাধীনতা হলো অন্যকে প্রাচীরে আটকে রাখা কিংবা খাঁচায় পুরে রাখার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজের বৈশিষ্ট্য নিয়ে বাঁচা এবং অন্যকেও বাঁচার সুযোগ তৈরি করা। গত ৪ সেপ্টেম্বর তাঁর ৭৫তম জন্মদিন উপলক্ষে নতুন নাটক সৃষ্টি ও মঞ্চায়নের মধ্য দিয়ে শিল্পজীবন উদযাপনের সিদ্ধান্ত নেন তিনি।
নাটকের পাণ্ডুলিপি লেখায় লাকী ইনামকে অনুপ্রাণিত করেছেন লেখক হৃদি হক। অভিনয়, মঞ্চসজ্জা, আবহসংগীত, পোশাক ও দ্রব্যসম্ভার নিয়ে নাগরিক নাট্যাঙ্গনের নাট্যকর্মীরা সহযোগিতা রেখেছেন; আলোকবিষয়ক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন ঠান্ডু রায়হান। দর্শক বিনোদনের পাশাপাশি প্রায় দেড় ঘণ্টার এই নাটকে মুক্তি, মানবিকতা ও স্বাধীন জীবনের অনুসন্ধান করার কথা বলেছেন নির্দেশক লাকী ইনাম।
-6ab6c786d4aaf.jpg)

-6ab6e811f2495.jpg)


