প্রাচুর্য, বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের বিনিময়ে পরাধীনতা, নাকি অনিশ্চয়তা ও কষ্টের মধ্যেও স্বাধীন জীবন—এই দ্বন্দ্বকে সামনে রেখে মঞ্চে এসেছে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা এবং ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রকে আশ্রয় করে নির্মিত হয়েছে নাটকটি। প্রায় দেড় ঘণ্টার এ মঞ্চচর্চায় দর্শক বিনোদনের পাশাপাশি মুক্তি ও মানবিকতার বোধের মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যশিল্পী, নাট্যকার ও নির্দেশক ষড়ৈশ্বর্য লাকী ইনাম। নাগরিক নাট্যাঙ্গনের এটি ২৮তম প্রযোজন। পান্ডুলিপি রচনায় হৃদি হকের ভাবনা তাকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন নির্দেশক।
প্রযোজনায় খাঁচার পাখি ও বনের পাখির সাক্ষাতের মধ্য দিয়ে স্বাধীনতা ও পরাধীনতার দুই সত্তাকে মুখোমুখি করানো হয়েছে। এক পাখি প্রাচুর্য, স্বাচ্ছন্দ্য ও নিরাপদ জীবনের বিনিময়ে খাঁচায় আবদ্ধ থাকতে রাজি, অন্যপক্ষ ঝুঁকি ও কষ্ট স্বীকার করে মুক্ত বনের পাখির মতো স্বাধীন জীবন কাঙ্ক্ষা করে। তবে দুই পাখির দ্বন্দ্ব নিজস্ব শক্তিতে মুক্তির পখলে না পৌঁছাতে পারলে ‘রক্তকরবী’র নন্দিনীর আবির্ভাব ঘটে।
যক্ষপুরীর মকররাজের শোষণ ও ভয়ভীতিতে দিন কাটানো কিশোর ও ফাগুলালের মতো মানুষদের মানবিক অস্তিত্ব ও মুক্তির পথ খুঁজে দেন নন্দিনী। লাকী ইনাম বলেছেন, ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথের একই বক্তব্যের দুই ধরনের শিল্পরূপ—সর্বপ্রাণী ও সব মানুষের স্বাধীনতা। তাঁর মতে, প্রকৃত স্বাধীনতা শুধু আবদ্ধ প্রাচীর বা খাঁচা ভাঙার মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যকে প্রাচীরে আটকে রাখা বা খাঁচায় বন্দী করার মানসিকতা থেকে বেরিয়ে আসা এবং নিজের বৈশিষ্ট্য নিয়ে বাঁচার পাশাপাশি অন্যকে বাঁচার সুযোগ তৈরি করাই মুক্তির লক্ষ্য।
প্রযোজনাটির সঙ্গে লাকী ইনামের ব্যক্তিজীবনেরও একটি বিশেষ যোগ রয়েছে। গত ৪ সেপ্টেম্বর তিনি ৭৫ বছরে পদার্পণ করলেও দলীয় কর্মীদের আয়োজিত জন্মদিন উদযাপন বেছে নেওয়ার বদলে নতুন নাটক সৃষ্টি ও মঞ্চায়নের মধ্য দিয়ে শিল্পজীবন উদযাপন করেছেন। শৈশব থেকে আবৃত্তি, গান, নৃত্য ও অভিনয়সহ শিল্পচর্চার বিভিন্ন পর্যায়ে তাঁর আশ্রয় ছিলেন রবীন্দ্রনাথ; তাই জীবনের ৭৫ বছরে এসে এই নতুন প্রযোজনার জন্যও রবীন্দ্রনাথের কাছে ফিরে গেছেন তিনি। অভিনয়, মঞ্চসজ্জা, আবহসংগীত, পোশাক ও দ্রব্যসম্ভারে নাগরিক নাট্যাঙ্গনের নাট্যকর্মীরা সহযোগিতা করেছেন; আলোকবিষয়ক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন ঠান্ডু রায়হান।
-6ab6c786d4aaf.jpg)


