শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

বাংলাদেশের প্রকৃত সমৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে সীমাবদ্ধ নয়; মানুষের সক্ষমতা উন্নয়ন ও উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ শর্ত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইলেকট্রনিক হেলথ কার্ড, ওষুধশিল্পের উন্নয়ন এবং পেশাজীবীদের দক্ষতা কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৫ এএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৫ এএম
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

স্বাস্থ্যসেবার মান উন্নত না হলে একটি দেশের প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা আয় বৃদ্ধি যথেষ্ট নয় বলে জানান রিজভী। তিনি বলেন, মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ সূচক। সুস্থভাবে বেঁচে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সক্ষমতা—এসবকেই প্রকৃত সমৃদ্ধির অংশ হিসেবে গণ্য করা উচিত।

ইলেকট্রনিক হেলথ কার্ডের প্রসঙ্গে বক্তব্য রেখে রিজভী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব। একটি ইলেকট্রনিক হেলথ কার্ডের মাধ্যমে একজন রোগীর চিকিৎসার অধিকার এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়া নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। সমাজের ঝুঁকিপূর্ণ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এমন উদ্যোগ কার্যকর হলে তারা সহজেই উন্নত চিকিৎসাসেবা নিতে পারবেন।

এক্ষুত্রে ইলেকট্রনিক হেলথ কার্ডকে কার্যকর করতে হলে হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট খাতগুলোকে একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে হবে বলে তিনি মনে করেন। চিকিৎসকের দায়িত্বের পাশাপাশি রোগীর প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার ব্যবস্থা রাখা জরুরি। এ ছাড়া ভেজাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে যেসব অভিযান পরিচালিত হচ্ছে, তার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের ওষুধশিল্পকে আরও শক্তিশালী ও মানসম্পন্ন করে গড়ে তুলতে হবে।

রিজভী শান্তি ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের গুরুত্ব দেন। তিনি দেশের বিভিন্ন খাতের উন্নয়নে পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা, চিন্তা ও উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, অতীতে দলীয়করণ ও দখলদারিত্বের মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠলেও ভবিষ্যতে খাতগুলোর উন্নয়নে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। বাংলাদেশকে শান্তিময় ও সমৃদ্ধিশালী করতে স্বাস্থ্যসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিস্টের আহ্বায়ক মো. জাকারিয়া হোসেন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ইউজিসির সদস্য ড. আসলাম হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ড. মামুনুর রশিদ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ