ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন সাম্প্রতিক বাগদানের খবর সরাসরি অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি স্ট্যাটাসে জেবিন জানান, সাম্প্রতিক সময়ে তাঁর কোনো বাগদান হয়নি। তিনি দাবি করেছেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে।
জেবিন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, বাবার চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে থেকে পরিবারের পাশে রয়েছেন এবং এই সময়ে তাঁর মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি নিবদ্ধ। এমন সংবেদনশী সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা হলে তিনি বিব্রতি প্রকাশ করেছেন।
অভিনেত্রীর বাগদানের খবর প্রচারের পর সামাজিক মাধ্যমে একটি পোস্টে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন জেবিন। তিনি বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এই বিষয়ে দায়িত্বশীল আচরণের আশা করেছেন তিনি।
তাঁর মতে, ভুল সংবাদ শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতে প্রভাব ফেলে না, বরং তাঁর পরিবার ও ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি বলে মনে করেছেন অভিনেত্রী। জেবিন আরও বলেছেন, সংবাদ হওয়া উচিত তথ্যনির্ভর, অনুমান বা গুজবের ওপর ভিত্তি করে নয়।
শিরতাজ জাহান জেবিন শুরুতে ডাক্তার হওয়ার আগ্রহ থাকলেও পরবর্তীতে বিনোদন জগতে পা রাখেন। ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-তে ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি মডেল, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বিনোদন জগতে কর্মরতা চালিয়ে যাচ্ছেন।





