প্রিমিয়ার লিগের সঙ্গে ম্যানচেস্টার সিটির চলমান আইনি বিরোধে ক্লাব চেয়ারম্যান খালদুন আল মুবারাক বলেছেন, অভিযোগগুলোর প্রেক্ষিতে ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি দাবি করেন, অভিযোগের বিরুদ্ধে লড়াই করে ক্লাবের নির্দোষতা প্রমাণ করার আত্মবিশ্বাস ও চেষ্টা আগের মতোই রয়েছে।
ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মোট ১১৫টি অভিযোগ করা হয়েছিল। এর মধ্যে একটি ছাড়া ১১৪টি অভিযোগে ক্লাবটিকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রিমিয়ার লিগ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক রায় বা ঘোষণা দেয়নি।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে খালদুন আল মুবারাক ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দেওয়া রায়ের কথা অস্বীকার করেননি। ক্লাব জানিয়েছে, পুরো আইনি প্রক্রিয়া এখনো চলমান। ইএসপিএনের পক্ষ থেকে মন্তব্য চাইলেও প্রিমিয়ার লিগ কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি এবং বিষয়টিকে ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়ার আওতায় রেখেছে।
অনেকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছে গেলেও ক্লাবের কার্যক্রমে বড় ধরনের কোনো পরিবর্তন না হওয়ার কথা জানান খালদুন। তিনি বলেন, ম্যানচেস্টার সিটি অতীতেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেছে। ক্লাবের অগ্রগতিতে বাধা দিতে চাওয়া ব্যক্তিদের পরিকল্পনা ব্যর্থ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
আন্তর্জাতিক বিরতির পর দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জানিয়ে খালদুন বলেন, বিরতির মধ্যে অ্যানফিল্ডে ম্যাচ শেষে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবে সিটি। এসব ম্যাচকে ক্লাব পরিবারের শক্তি ও সমর্থকদের উদযাপনের সুযোগ হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে সমর্থকদের ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান ক্লাব চেয়ারম্যান।





