প্রিমিয়ার লিগের সঙ্গে ম্যানচেস্টার সিটির চলমান আইনি বিরোধে ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে দাবি করেছেন ক্লাব চেয়ারম্যান খালদুন আল মুবারাক। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, নিয়ম ভাঙার অভিযোগের বিরুদ্ধে লড়াই করে ক্লাবের নির্দোষতা প্রমাণ করার আত্মবিশ্বাস ও চেষ্টা অতীতের মতোই অক্ষুণ্ণ রয়েছে।
ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মোট ১১৫টি অভিযোগ আনা হয়েছিল। জানা গেছে, এর মধ্যে একটি ছাড়ে বাকি ১১৪টি অভিযোগে ক্লাবটিকে দায়ী করা হয়েছে। তবে এসব অভিযোগের বিপরীতে প্রিমিয়ার লিগের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ম্যানচেস্টার সিটি জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইএসপিএনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রিমিয়ার লিগ কোনো মন্তব্য জানায়নি। লিগের পক্ষে বলা হয়েছে, মামলাটি ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়ার আওতাধীন।
অগ্রযাত্রায় বাধা দিতে চান যারা, তাদের সুযোগ দেওয়া হবে না
খালদুন আল মুবারাক বলেন, অনেকেই দ্রুত নিজেদের পছন্দমতো সিদ্ধান্তে পৌঁছে গেলেও ক্লাবের অবস্থানে পরিবর্তন হয়নি। অতীতেও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পথ ধরে ম্যানচেস্টার সিটি এগিয়ে গেছে। এবারও একইভাবে এগিয়ে যাওয়ার প্রত্যায় তিনি ব্যক্ত করেন।
একই বক্তব্যে ক্লাবের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে চাওয়া ব্যক্তিদের প্রতি সতর্ক করে চেয়ারম্যান বলেন, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। আন্তর্জাতিক বিরতির পর অ্যানফিল্ডে ম্যাচ খেলার পর ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মানের বিরুদ্ধে খেলবে ম্যানচেস্টার সিটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ক্লাব পরিবারের শক্তি ও সমর্থকদের উদযাপনের সুযোগ তৈরি হবে বলে আশা করেন তিনি। সমর্থকদের ধারাবাহিক ও অক্লান্ত সমর্থনের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





