প্রিমিয়ার লিগের সঙ্গে ম্যানচেস্টার সিটির চলমান আইনি বিরোধের প্রেক্ষিতে ক্লাব চেয়ারম্যান খালদুন আল মুবারাক বলেছেন, অভিযোগগুলোর বিরুদ্ধে লড়াই করে নিজেদের নির্দোষতা প্রমাণের আত্মবিশ্বাস ও প্রচেষ্টা আগের মতোই রয়েছে। তিনি দাবি করেন, সবার দ্রুত সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মোট ১১৫টি অভিযোগ করা হয়েছিল। এর মধ্যে একটি ছাড়া বাকি ১১৪টি অভিযোগে ক্লাবটিকে দায়ী করা হয়েছে। তবে এ বিষয়ে প্রিমিয়ার লিগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো প্রকাশিত হয়নি।
আইনি প্রক্রিয়া চলমান
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি রায়ের বিষয়টি সরাসরি অস্বীকার করেনি। ক্লাব জানিয়েছে, পুরো আইনি প্রক্রিয়া এখনো চলমান। অন্য দিকে ইএসপিএনের পক্ষ থেকে বিষয়টি জানতে চাইলেও প্রিমিয়ার লিগ কোনো মন্তব্য করেনি। লিগ সংস্থাটি বলেছে, বিষয়টি ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়ার আওতায় রয়েছে।
খালদুন আল মুবারাক বলেন, ক্লাবের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে চায়—এমন ব্যক্তিরা থাকলেও তাদের সেই সুযোগ দেওয়া হবে না। অতীতেও নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে সিটির। এবারও একইভাবে এগিয়ে যাওয়ার প্রত্যায় তিনি ব্যক্ত করেছেন।
আন্তর্জাতিক বিরতির পর গুরুত্বপূর্ণ ম্যাচ
আন্তর্জাতিক বিরতির পর দলের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ রয়েছে জানিয়েছেন ক্লাব চেয়ারম্যান। বিরতির পর প্রথমে অ্যানফিল্ডে ম্যাচ খেলবে সিটি। এরপর ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মানের বিরুদ্ধে খেলতে হবে। এসব ম্যাচকে ক্লাব পরিবারের শক্তি ও সমর্থকদের উদযাপনের সুযোগ হিসেবে দেখছেন তিনি। সমর্থকদের ধারাবাহিক ও অক্লান্ত সমর্থনের জন্যও ধন্যবাদ জানান খালদুন।





