প্রিমিয়ার লিগের সঙ্গে ম্যানচেস্টার সিটির চলমান আইনি বিরোধের প্রেক্ষিতে ক্লাব চেয়ারম্যান খালদুন আল মুবারাক বলেছেন, অভিযোগ নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা হলেও ম্যানসিটির অবস্থানে এখনো কোনো পরিবর্তন আসেনি। তিনি জানান, অভিযোগগুলোর বিরুদ্ধে লড়াই করে ক্লাবের নির্দোষতা প্রমাণ করার আত্মবিশ্বাস ও প্রচেষ্টা আগের মতোই রয়েছে।
জানা যায়, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মোট ১১৫টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে একটি অভিযোগ বাদে বাকি ১১৪টি অভিযোগে ক্লাবটিকে দায়ী করা হয়েছে। তবে এ বিষয়ে প্রিমিয়ার লিগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো প্রকাশিত হয়নি।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি রায়ের বিষয়টি সরাসরি অস্বীকার করেনি। ক্লাব জানিয়েছে, পুরো আইনি প্রক্রিয়া এখনো চলমান। ইএসপিএনের পক্ষ থেকে বিষয়টি জানতে চাওয়া হলেও প্রিমিয়ার লিগ কোনো মন্তব্য জানায়নি। লিগের পক্ষে বলা হয়েছে, বিষয়টি ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়ার আওতাধীন।
খালদুন আল মুবারাক বলেন, অতীতেও ক্লাব বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেছে এবং এবারও এগিয়ে যাওয়ার প্রত্যায় রয়েছে। তিনি দাবি করেন, ক্লাবের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে চাওয়া ব্যক্তিদের তাদের সুযোগ দেওয়া হবে না। এই অবস্থায় সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে দলের ওপর নজর রাখার কথাও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক বিরতি শেষে ম্যানচেস্টার সিটির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ অপেক্ষা করছে। বিরতির পর অ্যানফিল্ডে ম্যাচ খেলার পর ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মানের মুখোমুখি হবে সিটি। খালদুন বলেন, এই ম্যাচগুলোতে ক্লাব পরিবারের শক্তি ও সমর্থকদের উদযাপনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সমর্থকদের ধারাবাহিক ও অক্লান্ত সমর্থনের জন্য তিনি তাদের প্রতি ধন্যবাদ জানান।





