লন্ডনের হোটেলে ব্যক্তিগত ফোন নিয়ে নেওয়ার অভিযোগ
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সবশেষ ইংল্যান্ড সফরে ভরাডুবির পর দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের ওপর বাড়ছে চাপ। এই অবস্থায় তাঁকে জিজ্ঞাসাবাদে ডাকা হয়েছে বলে জানা যায়, যার ফলে বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত তদন্তের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছেন তাঁকে।
৩০ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর রাত প্রায় ১টার সময় পিসিবির অ্যান্টি করাপশন কর্মকর্তা কর্নেল আখতার রিজওয়ানকে হোটেলের নিচে ডেকে পাঠান এবং ব্যক্তিগত মোবাইল নিয়ে আসতে বলেন। হোটেলের নিচে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তার সঙ্গে তাঁর দেখা হয়। এরপর বিভিন্ন প্রশ্নের পর একপর্যায়ে তাঁর মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়।
নোটিশ ও অনুমতিপত্র না দেখানোর দাবি
রিজওয়ান আদালতে করা আবেদনে জানিয়েছেন, ফোন নেওয়ার আগে তাকে কোনো লিখিত নোটিশ, অভিযোগ, অভিযোগের ভিত্তি বা জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি। তাঁর বক্তব্য, কী অপরাধে তাঁর সন্দেহ করা হচ্ছে, কোন ঘটনার তদন্ত চলছে এবং কোন আইনি ক্ষমতাবলে তাঁর ফোন সংগ্রহ করা হয়েছে—এসব বিষয়ে তাঁকে স্পষ্ট করে জানানো হয়নি।
আবেদনে রিজওয়ান আরও বলেন, ফোনটি পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি ফোনটি ফেরত পাননি। বর্তমানে ফোনটি তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে বলা জানা গেছে। তদন্তে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।
অপরাধ প্রমাণিত হয়নি: আইনজীবীর বক্তব্য
বিষয়টি নিয়ে আদালত স্পষ্ট করেছে, কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া মানেই তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে—এমন নয়। পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভও বলেছেন, বর্তমানে রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি নেই এবং নোটিশের উদ্দেশ্য তথ্য সংগ্রহ করা। তবে পিসিবি অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে নীরবতা বজায় রেখেছে।






