পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সবশেষ ইংল্যান্ড সফর ভরাডুবর শেষ হওয়ার পর দলটির অন্যতম তারকা মোহাম্মদ রিজওয়ান ফোন হারিয়ে বিপাকে পড়েছেন। গত ৩০ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর রাত প্রায় ১টার দিকে হোটেল থেকে নিচে ডেকে পাঠানো হয় তাকে। পিসিবির অ্যান্টি করাপশন কর্মকর্তা কর্নেল আখতার তার সঙ্গে নিজের মোবাইল আনতে বলেন।
হোটেলের নিচে রিজওয়ানের সঙ্গে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একজন কর্মকর্তার দেখা হয়। এরপর বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয় ক্রিকেটারটিকে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে পরে পাকিস্তান ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি তদন্তে যুক্ত হয়।
ফেরত পাওয়া যায়নি ফোন
রিজওয়ান আদালতে জানিয়েছেন, ফোনটি পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি ফোনটি ফেরত পাননি। বর্তমানে ফোনটি তদন্ত কর্মকর্তাদের কাছে থাকা এবং তার ফরেনসিক পরীক্ষা চলছে। তদন্তে তার ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।
রিজওয়ানের দাবি, ফোন নেওয়ার আগে তাকে কোনো লিখিত নোটিশ, অভিযোগ, অভিযোগের ভিত্তি অথবা জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি। তিনি জানতে চেয়েছেন কোন অপরাধে তার সন্দেহ করা হচ্ছে, কোন ঘটনার তদন্ত চলছে এবং কোন আইনি ক্ষমতার আওতায় ফোনটি নেওয়া হয়েছে।
অপরাধের প্রমাণ পাওয়া যায়নি
আদালত স্পষ্ট করেছে, কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নোটিশ দেওয়া মানেই তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়ে গেছে—এমন নয়। পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভিও জানিয়েছেন, বর্তমানে রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি পাওয়া যায়নি; নোটিশের উদ্দেশ্য তথ্য সংগ্রহ করা। তবে অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে পিসিবি এখনো নীরবতা বজায় রেখেছে।



-6ab89819deb66.jpg)

