পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক হয়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ শেহজাদ। ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ান টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে পাকিস্তান টেলিভিশনের পিটিভির হয়ে কিংসম্যান একাডেমির বিপক্ষে ব্যাট করতে নেমে তিনি মাত্র ৪৯ বলে সেঞ্চুরি তুলে নেন। ফলে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পেলেন ২২ বছর বয়সী শেহজাদ।
ম্যাচের শুরুতে মাত্র ৩৪ রানের মধ্যে তিনি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পিটিভি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা শেহজাদ এরপর ব্যাটিং আক্রমণে ম্যাচের গতিপথ বদলে দেন। আউট হওয়ার আগে মাত্র ৬২ বলে ১১৪ রান করেন তিনি। ওই ইনিংসে ১২টি চার ও আটটি ছক্কা আসে, যা তার বিস্ফোরক ব্যাটিংয়ে স্পষ্ট ছাপ রাখে।
শেহজাদ চতুর্থ উইকেটে মোহাম্মদ তাহারের সঙ্গে ১৪৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটি পিটিভিকে শুরুতে চাপে পড়া অবস্থা থেকে ফিরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। প্রথম শ্রেণিতে নিজের ২১তম ম্যাচেই ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করা শেহজাদ একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা পাকিস্তানের পুরোনো রেকর্ড ভেঙে দেন।
এর আগে পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫৬ বলে শতক করেছিলেন মিসবাহ। ওই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির তালিকায় তিনি ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডসের পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন। পরে ২০১৬ সালে ব্রেন্ডন ম্যাককালাম ৫৪ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ওই রেকর্ড নিজের করে নেন।
পিসিবির বয়সভিত্তিক কাঠামো পেরিয়ে আসা শেহজাদ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত ২২টি লিস্ট-এ এবং ২৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলা ব্যাটারটি ২০২৫ মৌসুমে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণিতে এবারের রেকর্ডময় সাফল্য তাঁর উজ্জ্বল ভবিষ্যতের আভাস হিসেবে যুক্ত করেছে।



-6ab75ccf53427.jpg)