পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নতুন ঐতিহাসিক রেকর্ড গড়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ শেহজাদ। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে কিংসম্যান একাডেমির বিপক্ষে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ২২ বছর বয়সি এই ক্রিকেটার। এতে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে ব্যাট হাতে ঝড় তোলেন শেহজাদ। মাত্র ৩৪ রানে তিনটি উইকেট হারিয়ে পিটিভি যখন বিপর্যয়ে, তখন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তরুণ ব্যাটারটি। এরপর পালটা আক্রমণে ম্যাচের গতিপথই বদলে দেন তিনি।
আউট হওয়ার আগে মাত্র ৬২ বলে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেহজাদ। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা। চতুর্থ উইকেটে মোহাম্মদ তাহারের সঙ্গে ১৪৩ রানের গুরুত্বপূর্ণ জুটিও গড়েন তিনি। ফলে শুরুতে চাপে পড়া পিটিভি ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২১তম ম্যাচেই ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন শেহজাদ। একই সঙ্গে দ্রুততম শতকের স্বীকৃত রেকর্ড ভেঙে তিনি পাকিস্তানের এক দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা পুরোনো দাবিটি সরিয়ে দিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের দখলে। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫৬ বলে শতক করেছিলেন তিনি।
পিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কাঠামো পেরিয়ে ওঠা শেহজাদ ইতিমধ্যেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২২টি লিস্ট-এ ও ২৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলা শেহজাদের পাকিস্তান সুপার লিগে অভিষেক হয় ২০২৫ মৌসুমে; ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সেই আসরে ছয়টি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়ে নিজের ভবিষ্যৎ সম্ভাবনার জানান দিলেন এই তরুণ ব্যাটার।




