হামলার প্রতিবাদ
সাবেক ২০ দলীয় জোট এবং তৎপরবর্তী জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর দুস্কৃতিকারীদের হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, শাওন সাদেকীর প্রাণনাশের উদ্দেশ্যে নাক্কারজনকভাবে হামলা করা হয়েছে এবং তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।
রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে লুকিয়ে থাকা দুস্কৃতিকারীরা পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এবং বিভিন্ন ধরনের অরাজকতায় জড়িত হচ্ছে। তাঁর মতে, শাওন সাদেকীর ওপর হামলা ও গুরুতর আহত করার ঘটনা পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ।
এ বিষয়ে তিনি দাবি করেন, হামলার সঙ্গে জড়িত দুস্কৃতিকারীদে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া অপরিহার্য। রিজভী সতর্ক করে বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের নাশকতা ঘটতে পারে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার ও জানমাল রক্ষার জন্য দল-মত নির্বিশেষে সব শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ভয়শুণ্য পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে বদ্ধপরিকর থাকার আহ্বান জানান তিনি।
এ সময় রিজভী দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সবসময় সজাগ থাকার পরামর্শ দেন, যাতে চক্রান্তকারীরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। তিনি শাওন সাদেকীর আশু সুস্থতা কামনা করেন এবং হামলার পর তাঁর সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।


-6ab63c72d2471.jpg)
-6ab66959b519a.jpg)

-6ab6a466c9142.jpg)