জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ঐতিহ্যগতভাবে এ দেশে যেকোনো ধর্মের উৎসবে অন্য ধর্মাবলম্বীরাও উৎসবমুখর হয়ে ওঠেন। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে দেশবাসীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জি এম কাদের আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।
দুর্গোৎসব উপলক্ষে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।



