শারদীয় দুর্গাপূজায় মহাসপ্তমীতে চিতলমারীর চরবানিয়ারী পশ্চিম পাড়া চন্ডিভিটা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার ও তার স্ত্রী সোনিকা পান্নু। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি খুলনা থেকে সড়ক পথে তার স্ত্রী সোনিকা পান্নুকে নিয়ে চন্ডিভিটা দুর্গা মন্দিরে আসেন। এসময় চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.এম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চন্ডিভিটায় ২০১টি প্রতিমা নিয়ে অনুষ্ঠিত পূজামণ্ডপের বিভিন্ন প্রতিমা প্রদর্শন শেষে তিনি হিন্দু ধর্মাবলন্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের পূজা উদযাপনের খোঁজখবর নেন। এ সময় তিনি তার স্ত্রীকে নিয়ে মন্দিরে প্রার্থনা করেন।
মন্দির পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি সহাবস্থানের ওপর জোর দেন। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।



