সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৫ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৫ পিএম
সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

এসময় ৯ জনকে আটক করেছেন বনরক্ষীরা। ইনসেটে।

পূর্ব সুন্দরবনে চোরাই পথে আনা ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই একটি বাল্কহেডসহ (কার্গো) ৯ জনকে আটক করেছেন বনরক্ষীরা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৮ অক্টোবর) বিকালে শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে কয়লাবোঝাই বাল্কহেডটি আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে বনরক্ষীরা রোববার বিকালে ভোলা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় বাল্কহেডটি আটক করেন। এ সময় সেটিতে থাকা ৯ জনকেও আটক করা হয়।

বনরক্ষীরা জানান, আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে আনুমানিক ২৩০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করেন। এরপর নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচার করে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুর নবী (৩০), এনায়েত করীম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবীর হোসেন (৩০)। তাদের বাড়ি মোংলাসহ দেশের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বাল্কহেডে থাকা বিদেশি কয়লার কোনো মালিক পাওয়া যায়নি। পরিমাপ করে এতে ২৩০ টন কয়লা পাওয়া গেছে। আটক ব্যক্তিদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন।

এ বিষয়ে শরণখোলা থানার রোকেয়া খানম বলেন, সুন্দরবনে কয়লাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ