পিরোজপুরের নাজিরপুরে ট্রলার দুর্ঘটনায় আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তবে এখনো মায়ের খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কালীগঙ্গা নদীতে গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে একটি ট্রলার এক পাশে কাত হয়ে যায়। এতে মোটরসাইকেল ও যাত্রী ছিটকে নদীতে পড়ে যান।
শংকর বেপারী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নাজিরপুরের শ্রীরামকাঠীতে দুর্গাপূজা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ট্রলারে বাড়ি ফেরার পথে তারাও দুর্ঘটনার কবলে পড়েন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত পৌনে ১২টার দিকে অদ্রিতা বেপারীর (৮) মরদেহ উদ্ধার করে। রীনা বেপারী (৩৫) এখনো নিখোঁজ রয়েছেন।
শংকর বেপারীর বাড়ি নেছারাবাদ উপজেলার ভারতকাঠী গ্রামে।
স্থানীয়রা আরও জানান, ট্রলারটিতে ৩০ থেকে ৪০ জন যাত্রী এবং আটটি মোটরসাইকেল ছিল। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে সেটি এক পাশে কাত হয়ে যায়। এ সময় রীনা ও অদ্রিতাসহ ১০ থেকে ১৫ জন যাত্রী নদীতে পড়ে যান। যাত্রীদের সঙ্গে মোটরসাইকেলগুলোও পানিতে পড়ে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নৌবাহিনীর ডুবুরি দল রীনাকে উদ্ধারে কাজ শুরু করে।



