বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ছেলেকে শেষবারের মতো দেখতে মায়ের আহাজারি

ছেলেকে শেষবারের মতো দেখতে মায়ের আহাজারি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৯:১৩ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৯:১৩ পিএম
ছেলেকে শেষবারের মতো দেখতে মায়ের আহাজারি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলেকে শেষবারের মতো দেখতে আহাজারি করছেন তার মা।

নিহত মুহিবুর রহমান রুমেল (২৭) ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর (ছবুটিল্লা) গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে।

ভাগ্য বদলের আশায় ২০২৩ সালে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন রুমেল; কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। বুকভরা আশা নিয়ে বিদেশ পাড়ি দেওয়া রুমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে তার পরিবার, সহপাঠী ও আত্মীয়স্বজনসহ পুরো এলাকায়।

নিহতের পরিবার ও প্রবাসীদের সূত্রে জানা যায়, রোববার আরব আমিরাতের স্থানীয় সময় বিকালে বন্ধুদের সঙ্গে গাড়িতে করে অন্য কোথাও যাচ্ছিলেন রুমেলসহ ৫ জন আরোহী। দ্রুতগতিতে চলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মারা যান রুমেল ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কান্দিগাঁও গ্রামের তাজিম আহমদ (২৬)। আশঙ্কাজনক অবস্থায় অপর ৩ আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা।

নিহত রুমেলের বাড়িতে গিয়ে দেখা যায়, মা, ভাইবোন ও আত্মীয়দের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ রুমেল। প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা। রুমেলের কথা স্মরণ করে তার বৃদ্ধ মা শেফা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।

মা শেফা বেগম বলেন, আমার বুকের মানিক আমার সন্তান দিনে আমার সঙ্গে কথা বলল। রাতে শুনি আমার ছেলে এই দুনিয়ায় নাই। আমার ছেলেকে শেষবারের মতো একটিবার দেখতে চাই। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশী আবুল হোসাইন বলেন, রুমেলের লাশ আরব আমিরাতের স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে। রুমেল অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান যুবক ছিলেন। তার মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ