রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকালের অভিযানে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুদক।
এতে বলা হয়, আটক মোহাম্মদ আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন।
লালবাগের চর কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) পেয়েছিলেন অভিযোগকারী মনিরুল ইসলাম।
জমির সীমানা নির্ধারণ, সরকারি সম্পত্তি থেকে ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং একটি স্কেচ ম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।
তবে প্রায় ছয় মাস ধরে কয়েকবার লালবাগ রাজস্ব সার্কেলের কার্যালয়ে যোগাযোগ করেও তিনি জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করাতে পারেননি। একপর্যায়ে কাজটি করে দেওয়ার জন্য সার্ভেয়ার আসাদুল তার কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন।
পরে তিনি দুদককে এ বিষয়ে অভিযোগ করেন এবং সার্ভেয়ারকে হাতেনাতে ধরতে অভিযান চালানোর অনুরোধ জানান।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি দল পরিকল্পিত অভিযান চালায়।
দুদক জানায়, অভিযানের সময় ১ লাখ টাকা ঘুষ নেওয়ার মুহূর্তে সার্ভেয়ারকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে ও আদালতে হাজির করার আইনি প্রক্রিয়া চলছে।



