সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৯:৫২ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৯:৫২ পিএম
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের হাতে ১১ জেলে অপহৃত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

স্বজনদের অভিযোগ, প্রত্যেকের মুক্তির জন্য এক লাখ টাকা করে দাবি করেছে অপহরণকারীরা।

তারা দাবি করেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ‘আমির আলী’ ও দাতিনাখালী গ্রামের ‘আলম সানার’ নেতৃত্বাধীন দুটি বনদস্যু বাহিনী এ অপহরণের সঙ্গে জড়িত।

অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী, মথুরাপুর গ্রামের লিয়াকত আলী এবং খুলনার কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, জেলেদের কাছ থেকে কয়েকজনকে অপহরণের খবর পেয়েছেন তারা। বন বিভাগের টহল দল সুন্দরবনের অভয়ারণ্য ও ভেতরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, ‘বন বিভাগের একার পক্ষে বিশাল এই বনাঞ্চলে বনদস্যুদের তৎপরতা দমন ও অভিযান পরিচালনা করা কঠিন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, ‘সাধারণত জিম্মি হওয়ার পর জেলেদের পরিবার নিজেদের উদ্যোগে গোপনে দস্যুদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে। এ কারণে মুক্তি পেয়ে ফিরে আসা অনেক জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিতে চান না। তবে মুক্তিপণের টাকা লেনদেনে ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলোর মালিকদের শনাক্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

জেলেদের স্বজন ও অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা কয়েকজন জেলের বরাতে জানা গেছে, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। সেখান থেকে কৌশলে প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে অপহরণ করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ