সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

এমপি হীরার গাড়িবহরে হামলা-ভাঙচুর

এমপি হীরার গাড়িবহরে হামলা-ভাঙচুর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
এমপি হীরার গাড়িবহরে হামলা-ভাঙচুর

বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

রোববার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে রোববার (৮ নভেম্বর) বিকালে নিউ মার্কেট চত্বরে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত-৩০৩ আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাইদুর রহমান লিটন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ জেলা ও উপজেলার নেতারা।

অপরদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয় দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়।

ওই সময় সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং অন্যান্য অতিথিরা উপজেলা চত্বর ছেড়ে চলে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে উভয়পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় রাশেদা বেগম হীরার গাড়িতে হাত দিয়ে আঘাত করে এবং আপত্তিকর স্লোগান দিতে থাকে একটি পক্ষ। এ সময় গাড়িবহরে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস এমএ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে এমএ আউয়াল খান বলেন, আমরা প্রোগ্রাম শেষ করে ফিরে আসার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাদের সামনে পড়ি। ওই সময় তারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি ও সংরক্ষিত এমপি রাশেদা বেগম হীরা আপাকে নিয়ে আপত্তিকর স্লোগান দিতে থাকে। তখন আমাদের নেতাকর্মীরা এমন আপত্তিকর স্লোগান দিতে নিষেধ করলে তারা আমাদের গাড়িবহরে হামলা চালায় এবং আমার গাড়ি ভাঙচুর করে। এতে নেতৃত্ব দেন এ এফএম তারেক মুন্সী নিজেই।

অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নাই, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, আমরা সুন্দরভাবে প্রোগ্রাম শেষে ফেরার পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংগঠনের প্রোগ্রামকে ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চায় আমরা কি তাদের দলের লোক মনে করব। তাদের যদি কোনো অভিযোগ থাকত তাহলে তারা আমাদের সঙ্গে কথা বলতে পারত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো এসে আক্রমণ করা, মনে হচ্ছে যেন তারা তাদেরই প্রতিনিধিত্ব (আওয়ামী লীগ) করছে। এ সময় তারা আমাদের গাড়িগুলোতে আঘাত করে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগালি করেছে। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি রাশেদা বেগম হীরা প্রোগ্রাম শেষে চলে যাওয়ার সময় দুইপক্ষ মুখোমুখি হয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর হয়। আমরা তাৎক্ষণিক তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ