রাজধানী ঢাকায় মিরপুর ও মহাখালী এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মিরপুরে পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিমসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর ১২ নম্বরে এবং মহাখালীতে তিতুমীর কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট মিরপুর ১২ নম্বরের বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে তিতুমীর কলেজের সামনের বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করে তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিকেল থেকেই ওই স্থানে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে আজ রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানা এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে বিজিবির দুটিসহ মোট চারটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।







