তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের মজুরি পরিশোধের সক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য নেই জাতীয় মজুরি বোর্ডের কাছে। ফলে তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণের পরিবর্তে শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষিই প্রক্রিয়াটিতে বেশি প্রভাব ফেলছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ডিটারমিনিং দ্য মিনিমাম ওয়েজ ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক বিশ্লেষণ উপস্থাপন করে প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশের পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বর্তমান পদ্ধতির বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
সিপিডির বিশ্লেষণ অনুযায়ী, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় একটি নিয়মিত চক্র দেখা যায়। প্রথমে শ্রমিকেরা মজুরির দাবি জানান, এরপর মালিকপক্ষ পালটা প্রস্তাব দেয়। এ নিয়ে শ্রম অসন্তোষ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত মজুরি বোর্ড দুই পক্ষের দাবির মাঝামাঝি কোনো একটি অঙ্ক নির্ধারণ করে। এতে শ্রমিক ও মালিক—কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না। ফলে পরবর্তী মজুরি পুনর্নির্ধারণের সময় আবারও বিরোধ দেখা দেয়।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পারিবারিক পরিস্থিতি এবং পোশাক শিল্পের আর্থিক সক্ষমতা নিয়ে মজুরি বোর্ডের হাতে বর্তমানে স্বাধীন, হালনাগাদ ও পূর্ণাঙ্গ কোনো মূল্যায়ন নেই।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ১১টি বিষয় উল্লেখ থাকলেও সেগুলো কীভাবে পরিমাপ করা হবে কিংবা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া হবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা নেই। ফলে মজুরি নির্ধারণের জন্য কোনো সর্বজনস্বীকৃত সূচকও তৈরি হয়নি বলে মনে করে সিপিডি।
বর্তমান আলোচনায় শ্রমিকেরা প্রবেশপর্যায়ের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। তবে এখনো মালিকপক্ষ তাদের প্রস্তাব দেয়নি। প্রস্তাব উপস্থাপনের জন্য নির্ধারিত সভা পিছিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বিক্ষোভ, সংঘর্ষ, গ্রেফতার এবং কারখানা বন্ধের মতো ঘটনা মজুরি নির্ধারণের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।







