লন্ডনে বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলামের ওপর হামলা এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৪ উপদেষ্টা।
আজ বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এসব ঘটনার জন্য ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের দায়ী করেন।
তারা লন্ডনে হামলার ঘটনায় জড়িতদের যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বিচারের মুখোমুখি করার দাবি জানান। একইসঙ্গে বাংলাদেশে সহিংসতা ও অগ্নিসংযোগ দমন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম এবং তার সহকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এতে অন্তত ছয় ব্রিটিশ-বাংলাদেশি আহত হন, যাদের কয়েকজনকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়।
এই হামলাকে সমন্বিত ও আন্তদেশীয় ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন সাবেক উপদেষ্টারা। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা, গুম ও বর্বরতার যেসব তথ্য উঠে এসেছে, সে বিষয়ে অনুশোচনার বদলে ক্ষমতাচ্যুত সরকারের দোসররা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচিত সরকার ও জুলাই অভ্যুত্থানের শক্তির অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালিয়েছেন। এর মধ্যে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ এবং জুলাই অভ্যুত্থানের নেতা নুসরাত তাবাসসুম ও সরকারি দলের সংসদ সদস্য এস এম জিলানীসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সাবেক উপদেষ্টারা বলেন, সাধারণ মানুষের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় বোমা হামলা ও গণপরিবহনে অগ্নিসংযোগের কারণে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ আর্থসামাজিক কাঠামোকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে নোবেলজয়ী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিন ডজনেরও বেশি শাখায় পরিকল্পিত হামলা ও আগুন দেওয়া হয়েছে।
ভয়ের রাজনীতি থেকে দেশকে মুক্ত রাখতে দেশে-বিদেশে অবস্থানরত এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ও দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাবেক উপদেষ্টারা। তারা বলেন, যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার মাধ্যমে বিদেশে বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক-ই-আজম বীর প্রতীক, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদ, শেখ বশির উদ্দিন, আ ফ ম খালিদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, নূরজাহান বেগম এবং সৈয়দা রিজওয়ানা হাসান।







