<p>চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় যুবদল ও ছাত্রদল আয়োজিত একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েত নগরে এ ঘটনা ঘটে।</p><p> পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে শোভাযাত্রায় হামলা করা হয়। হামলায় যুবদল-ছাত্রদলের অন্তত ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।</p>.<p>পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কিফায়ত নগর এলাকায় যান ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী। এ সময় মাইকে এলাকায় ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে অতর্কিতে শোভাযাত্রায় হামলা করেন স্থানীয় যুবলীগের কিছু নেতা-কর্মী।</p>.<p>চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম সাংবাদিকদের বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় আমাদের ছয়-সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। অন্তত চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন হামলাকারীরা। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।’</p>.<p>জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান সাংবাদিকদের বলেন, এলাকায় ডাকাত পড়েছে—মাইকে এমন ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের ওপর হামলা করেছেন যুবলীগের কর্মীরা। হামলার পরই তাঁরা পালিয়ে গিয়েছেন। তাঁদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় ‘যুবলীগের’ হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় ‘যুবলীগের’ হামলা, মোটরসাইকেলে আগুন...







