নড়াইলে রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলার ঘটনায় তথ্য বিকৃত করে সেগুলোকে হিন্দুদের ওপর বড় ধরনের সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে সুপরিচিত কয়েকটি সংবাদমাধ্যমও রয়েছে।
তথ্য বিকৃত করার পাশাপাশি ওই গণমাধ্যমগুলো বেনামি সূত্র থেকে পাওয়া তথ্য কোনো যাচাই ছাড়াই প্রকাশ করেছে। এমনকি, কয়েকটি প্রতিবেদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পোস্ট ও পেজের বরাত দেওয়া হয়েছে।
এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে জি ২৪ ঘণ্টা, রিপাবলিক ওয়ার্ল্ড, এবিপি আনন্দ, নিউজ১৮ বাংলা এবং হিন্দুস্তান টাইমস বাংলা।
হামলায় ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা নিয়ে তারা যে তথ্য প্রচার করছে, অধিকাংশ ক্ষেত্রেই সেই সংখ্যা বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষ ও মূলধারার গণমাধ্যমের নিশ্চিত করা সংখ্যার চেয়ে অনেক বেশি।
গত ২০ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এর দুদিন আগে সেখানে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দুই বিএনপি নেতা নিহত হন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কর্মীরা ওই হামলা চালিয়েছিলেন।সংবাদমাধ্যমের সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সহিংসতায় ৪০টি বাড়িতে আগুন দেওয়া হয়। হামলাকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালান বলে জানা যায়। এর মধ্যে রয়েছেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি।
তবে ভারতের কয়েকটি গণমাধ্যম ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ২০০ থেকে ৩০০ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, এসব বাড়ি হিন্দু ধর্মাবলম্বী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের।







