ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন আসাদ আলম সিয়াম। মিশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে সিয়াম শুক্রবার (২৭ নভেম্বর) নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে গত ১৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। পরে গত ২২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগ প্রস্তাবে সম্মতি দেয় ভারত।
গত ৩১ অক্টোবর আসাদ আলম সিয়ামের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মৃত্যুবরণ করেন। এই কারণে তার ভারতে নতুন হাইকমিশনার হিসেবে যোগদানে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।
আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনীতিক। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।







