অন্যের নাম ব্যবহার করে, জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে-বিজিবিতে (তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় একই সঙ্গে তাকে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে তার সম পরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এই রায় দেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা।
সাজার তথ্য নিশ্চিত করে দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন বলেন, ‘ছদ্মবেশ ধারণ করে বা অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণা করার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড, গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করায় তাকে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছদ্মনাম ব্যবহার করে সংস্থাটির সিপাহী পদে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে তার সম পরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শামীম হোসেন। তিনি বলেন, ‘সেই উদ্দেশ্যে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। এদিকে আসামির সাজা একটির পর একটি কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১৩ বছর কারাভোগ করতে হবে।
আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।







