বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করে স্বাধীনভাবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেছেন, স্বতন্ত্র মজুরি বোর্ড ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছে। এতে সরকারের কোনো সরাসরি হস্তক্ষেপ ছিল না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি নির্ধারণ-২০২৬ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর শ্রমিকবান্ধব সাতটি উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে শ্রমঘন এলাকায় সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ, শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান, ভর্তুকি মূল্যে চাল সরবরাহ, বাড়িভাড়া ও যানবাহনের খরচ বৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়া এবং শ্রমিকদের জন্য বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সংসদে প্রধানমন্ত্রী ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেও শ্রমিকদের মতামতের ভিত্তিতে তা বাড়িয়ে সাতটি করা হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। দ্রুতই হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফ্যামিলি কার্ডের বিষয়ে মাহদী আমিন বলেন, দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের মধ্যে এ কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার ক্ষেত্রে পোশাকশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শ্রমঘন এলাকায় ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। আরও বেশি শ্রমিককে এ সুবিধার আওতায় আনতে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মজুরি বৃদ্ধির পর বাড়িভাড়া ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ার প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হুট করে বাড়িভাড়া বাড়ানোর সংস্কৃতি বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। একইভাবে বাসভাড়া ও পরিবহন খরচ যাতে অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়েও কাজ করছে সরকার।
শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে শ্রমঘন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পাশাপাশি মিড-ডে মিল চালু এবং পুনঃভর্তি ফি বন্ধ করা হয়েছে বলেও জানান মাহদী আমিন। শ্রমিকদের আবাসন সংকট নিরসনে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে।







