বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থের হিসাব বিবরণী পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত রোববার এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য তোলা হলেও শিক্ষা মন্ত্রণালয় এখনো তাতে সায় দেয়নি।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ঢাকার বাইরে অবস্থান করায় ফাইলটি আটকে আছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফাইলটি অনুমোদনের পরই অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।
অন্যদিকে বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন-ভাতা পেতে অতিরিক্ত প্রায় দুই হাজার কোটি টাকার হিসাব বিবরণী পাঠানো হলেও বিষয়টি অনিশ্চয়তায় রয়েছে।







