রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও
জাতীয়

দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও

দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সাম্প্রতিক সহিংসতার পর রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত এই শক্তি প্রতিরোধের পাশাপাশি বিজয়ের মাস উদযাপনে পুরো ডিসেম্বরজুড়ে রাজপথে নামছে প্রধান দলগুলো।

পাশাপাশি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিসেম্বরে সহিংসতা ও নাশকতা চালাতে পারেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান—রয়টার্সের এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং আওয়ামী লীগকে মোকাবিলায় ইতোমধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে।

ডিসেম্বরকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি, বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলাদা আলাদা কর্মসূচি দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বিএনপির কর্মসূচি। জামায়াত ৪০ দিনের কর্মসূচি নিয়েছে, আর এনসিপি ৬৪ জেলা ও ১৩ মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিজয় র‍্যালি করবে।

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

তার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কয়েকটি জেলায়, বিশেষ করে তার নিজ জেলা গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে। এছাড়া, সারাদেশে ককটেল বিস্ফোরণের পাশাপাশি যানবাহন, পুলিশের স্থাপনা, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ২টায় এবং এতে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সূত্রগুলো জানায়, ডিসেম্বরে প্রায় প্রতিদিনই দলটির অন্তত কোনো একটি অঙ্গসংগঠনকে রাজপথে রাখার পরিকল্পনা করা হয়েছে এবং কোনো অডিটরিয়ামের পরিবর্তে সড়ক বা খোলা মাঠেই বেশিরভাগ আয়োজন রাখা হয়েছে।

বিএনপি নেতারা জানান, নাশকতা বা জমায়েতের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সেই বার্তাও দেওয়া হবে।

রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ও বিজয়ের মাসকে সামনে রেখে গত ১৯ নভেম্বর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। ২১ নভেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মাধ্যমে এটি শুরু হয় এবং ২৫ নভেম্বর আরও ১১ মহানগরে সমাবেশ ও মিছিল হয়।

কর্মসূচি ঘোষণার সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদ প্রতিহত করব। ফ্যাসিবাদ প্রতিহত করা মানে গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা নয়। সুশৃঙ্খল, অহিংস আন্দোলনে জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।'

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গতকাল সাংবাদিকদের বলেন, 'তৃণমূল থেকে সক্রিয় উপস্থিতির মাধ্যমে জাতীয় দিবস পালন এবং "আওয়ামী সন্ত্রাসের" বিরুদ্ধে কর্মসূচি থাকবে।'

জামায়াতের উদ্যোগে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর দেশজুড়ে বিজয় দিবসের মিছিল।সংবাদমাধ্যম মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে ১৯-২৩ ডিসেম্বর সভা ও দোয়ার আয়োজন করবে দলটি। আর মাসের শেষ পাঁচ দিনে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং আহত ও আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে জামায়াতের।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর বিজয়ের মাসের কর্মসূচি সীমিত ছিল। তবে, হাসিনা সরকারের পতনের পর দলটির কর্মসূচির পরিধি বেড়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের জানান, ২৩ নভেম্বর দলটির বিভিন্ন কর্মসূচি শুরু হয়। ৩৯ দিনের এ কর্মসূচি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এসব আয়োজনে বিজয় দিবস উদযাপনের পাশাপাশি চার দফা দাবি তুলে ধরা হবে।

দাবিগুলো হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, ২০২৪ সালের অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার দ্রুত করা, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির আওতায় বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের রায় বাস্তবায়ন।

চট্টগ্রাম ও সিলেটে ইতোমধ্যে কর্মসূচি পালন করেছে এনসিপি। গতকাল শুক্রবার গাজীপুরে সমাবেশের পর, আজ নারায়ণগঞ্জে, আগামীকাল রাজশাহীতে এবং পরশু বগুড়ায় সমাবেশ করার কথা এনসিপির।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও কয়েকটি জেলায় কর্মসূচির পরিকল্পনা রয়েছে। ‘আওয়ামী নৈরাজ্যের’ বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে ২৪ নভেম্বর মোটরসাইকেল র‍্যালি করে এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখা।

এছাড়া, ১৬ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে এনসিপি। দলটির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তিরও আলাদা কর্মসূচি আছে। গোপালগঞ্জেও সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির, যদিও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে পুলিশ টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট ও বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন আছে। দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) তৎপরতাও বাড়ানো হয়েছে।

পুলিশের একাধিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতার যেকোনো চেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, পদধারী নেতা ও সমর্থকদের মতো কথিত উসকানিদাতা, অর্থদাতা ও পরিকল্পনাকারীদেরও খুঁজছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পৃক্ততা প্রমাণিত হলে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক গোপালগঞ্জ সহিংসতাকে বিবেচনায় রেখে নাশকতা প্রতিরোধে জোর দিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মাগুরা, বাগেরহাট এবং খুলনা মহানগরীসহ খুলনা জেলায় নজরদারি জোরদার করা হয়েছে।

রাজধানীতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসানো, টহল বাড়ানো এবং ফ্লাইওভারসহ কৌশলগত স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ওসমান গণি সাংবাদিকদের বলেন, 'অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানও চলছে।'

সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।

গতকাল বিজিবি জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

অবৈধ অনুপ্রবেশ ও প্রস্থান, পুশ-ইন এবং অন্যান্য সীমান্ত অপরাধ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

বিজিবির সূত্র জানায়, নাশকতা চালাতে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা ঠেকাতেও এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৩০ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩০ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৩০ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৩০ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৩১ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৩১ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করলে ঐক্যের উদ্যোগ ভঙ্গুর হবে: শফিকুর রহমান

পরবর্তী সংবাদ

নাশকতা এড়াতে চট্টগ্রামে রাতে ট্রাফিক বক্সে সার্জেন্ট-কনস্টেবল মোতায়েন, ‘বাড়তি চাপে’ পুলিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM