সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারে বাধা দেওয়ায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে শাহজাদপুর পৌরসভার নলুয়া এলাকায় তার বাড়িতে অভিযানে যায় থানা-পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রামের শত শত বাসিন্দা বাঁশের লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে পুলিশের পথ আটকে দেন। পুলিশের দাবি, এই সুযোগে হালিমুল হক সেখান থেকে পালিয়ে যান।
এই ঘটনার ভিডিও শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে জড়িতদের ধরতে গ্রামে অভিযান চালায় পুলিশ। ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রাম থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, ‘জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হবে, কারণ এটি স্পষ্টতই রাষ্ট্রীয় কাজে বাধা প্রদান।
আটক পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।







