রাজধানীর ধানমন্ডিতে একটি শপিংমলের জুয়েলারি দোকান থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার অলংকার এবং নগদ ১০–১২ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
ধানমন্ডি ৬/এ সড়কের একটি শপিংমলের ‘পূরবী জুয়েলার্সে’ শনিবার ভোর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দোকানের মালিক দাবি করেছেন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছে।
'আমরা মামলাটি নিয়ে কাজ করছি এবং জড়িতদের শিগগির আইনের আওতায় আনব,' বলেন তিনি।
উপকমিশনার শেখ জাহিদুল জানান, শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৪ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ সাংবাদিকদের বলেন, চুরি হওয়া প্রায় ২ হাজার ভরি অলংকারের মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না ছিল। আরও নগদ প্রায় ১০–১২ লাখ টাকাও চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী সঞ্জীব শীল বলেন, 'ঘটনার পর থেকে ৩ নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের একজন দোকানের নিজস্ব এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।'
'আমাদের সন্দেহ তারা এ ঘটনার সঙ্গে জড়িত,' বলেন তিনি।
সঞ্জীব শীল জানান, জুয়েলারি দোকানটিতে দুজন নিরাপত্তাকর্মী ছিলেন। তাদের একজনকে বিরিয়ানির সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়। শপিং মলের এক নিরাপত্তাকর্মীকেও অচেতন করা হয়।
'তারা দুজন এখনো অচেতন অবস্থায় আছেন এবং কথা বলতে পারছেন না। চুরির সঙ্গে জড়িতরা ওই খাবার খাননি,' বলেন তিনি।
তার ভাষ্য, সিসিটিভি ফুটেজে ৩-৫ জনকে চুরি করতে দেখা গেছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দেখা যায় বাইরে থেকে আসা ব্যক্তিদের জুয়েলারি দোকানে ঢুকতে সহায়তা করছেন।







