পাবনার বেড়া মডেল থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ সময় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও ১১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার রাতে শম্ভুপুর গ্রাম থেকে চার নারী সমর্থককে গ্রেপ্তারের পর রোববার ভোর সাড়ে চারটার দিকে বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত আওয়ামী লীগ কর্মী-সমর্থক বেড়া মডেল থানা ঘেরাও করেন।
এ সময় তারা থানা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন। তারা থানার জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে আগুন দেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডজনখানেক টিয়ার শেল ও ১১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তারা থানা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে ও কাচ ভাঙচুর করেন। এ ছাড়া থানায় রাখা এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে আগুন দেন তারা।
তিনি বলেন, পুলিশ টিয়ার শেল ও ১১৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, চার নারীকে গ্রেপ্তারের পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে গত ১৯ নভেম্বর থেকে বেড়া উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের পর ২১ নভেম্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপর থানার ওসিকে বদলি করা হয়। দায়িত্ব নেন নতুন ওসি।
এ বিষয়ে বেড়া থানার ওসি বলেন, গত ২১ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার রাতে শম্ভুপুর গ্রাম থেকে ওই চার নারীকে গ্রেপ্তার করা হয়।
‘মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে,’ যোগ করেন তিনি।







