বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা দ্রুত ও কার্যকর উপায়ে সমাধানের উদ্দেশ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের কষ্ট লাঘবাতে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের সমস্যা, আবেদন বা অভিযোগ সরাসরি ইমেইলে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইল ঠিকানাগুলোতে প্রাপ্ত অভিযোগ দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
অভিযোগ যাচাই ও উপস্থাপনের নির্দেশ
ইমেইলে আসা প্রতিটি অভিযোগকে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে, যাতে নীতিনির্ধারক পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল ইমেইলে প্রাপ্ত অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই উদ্যোগের ফলে প্রবাসীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে নিজেদের সমস্যা সরাসরি জানাতে পারলে বিষয়গুলো পদক্ষেপের জন্য সহজতর হতে পারে বলে আশা করা হচ্ছে।



