রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। শনিবার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। গুম হওয়া পরিবারের সংগঠন ‘মায়ের ডাকের’ অন্যতম সংগঠক হিসেবে পরিচিত সানজিদা তুলি।
হামলার কারণে আক্রান্ত টিকাদান কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে চালিয়ে নিতে তিনি মিরপুরস্থ নিজের রাজনৈতিক কার্যালয়টিকে আপাতত টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন। কার্যালয়টি রুহানি টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত। প্রস্তাবটি বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সরকারদলীয় সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য বলেন, হামলা ও দখলের ঘটনায় প্রশাসন তদন্ত পরিচালনা করছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা বন্ধ থাকতে দেওয়া হবে না।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনায় সাধারণ মানুষের নিয়মিত টিকাদান সেবা নিশ্চিত করতে কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সানজিদা তুলি। তিনি বলেন, টিকাদান কেন্দ্র সাময়িকভাবে সচল রাখার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কোনো ধরনের ভোগান্তি ছাড়াই জনসাধারণ উপকার ভোগ করা নিশ্চিত করতে হবে।


