সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় বাংলাদেশের ১১টি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রদর্শনীর উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ। এরপর বাংলাদেশের কনসুলেট জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি ফেডারেশন অব চেম্বারের সদস্য ও সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথ ইস্ট এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড সদস্য ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী সৈয়দা নাহিদা হাবিবাসহ কনসুলেটের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্যাভিলিয়নে ১১টি প্রতিষ্ঠান
বাংলাদেশ প্যাভিলিয়নে জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া এপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপপারেলস, মডেস্ট অ্যাট্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন ও আল নূর গার্মেন্টস লিমিটেড অংশ নিচ্ছে। ইপিবির উদ্যোগে পৃথক একটি বুথে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা এবং রপ্তানিযোগ্য পণ্যসমূহ নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আয়োজক পিরামিডস গ্রুপের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ৫৫০টির বেশি বুথ স্থান রয়েছে। বিশ্বের ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এক্সপোর মাধ্যমে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হবে।
চার দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত পণ্য ও দেশের উৎপাদন সক্ষমতা সম্পর্কে তথ্য তুলে ধরার মাধ্যমে রপ্তানি খাতের জন্য নতুন বাজার সুযোগ অন্বেষণের উদ্যোগ নেওয়া হয়েছে।






