সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় বাংলাদেশের ১১টি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার এক্সপোর উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ। এরপর বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি ফেডারেশন অব চেম্বারের সদস্য ও সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথ ইস্ট এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড সদস্য ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। উদ্বোধনী কার্যক্রমে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী সৈয়দা নাহিদা হাবিবাসহ কনসুলেটের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
এক্সপোতে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান
বাংলাদেশ প্যাভিলিয়নে জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া এপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপপারেলস, মডেস্ট অ্যাট্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন এবং আল নূর গার্মেন্টস লিমিটেড রয়েছে। ইপিবির উদ্যোগে পৃথক বুথে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রপ্তানিযোগ্য পণ্য নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
বহুমুখী বাণিজ্য সুযোগের আশা
আয়োজক পিরামিডস গ্রুপের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ৫৫০টির বেশি বুথ রয়েছে। বিশ্বের ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।
এই মেলার মাধ্যমে বাংলাদেশের রপ্তানিযোগ্য পোশাক ও টেক্সটাইল শিল্পের বাজার বিস্তার, বিশেষ করে মধ্যপ্রাচ্যে রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌদি আরবের ক্রেতা, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক আলোচনার সুযোগ বাড়লে নতুন অর্ডার ও দীর্ঘমেয়াদি বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠার আশা করা যাচ্ছে। প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।


-6ab7da8811a2b.jpg)


