সিলেট সার্কিট হাউসে সংবাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেন, স্বাধীন-সার্বভৌম একটি দেশের আইনশৃঙ্খলা বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, তা কোনোভাবেই চলতে পারে না। তিনি এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সরকারের কাছে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষার কাজে গণপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও বৃদ্ধি করতে হবে এবং সংশ্লিষ্ট সরকারি কর্ত্রপক্ষকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ডা. শফিকুর রহমান একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন হিসেবে আখ্যায়িত করে বলেন, কমিশনের ব্যর্থতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ জানাতে তিনি বলেন, আন্তর্জাতিক বা স্থানীয় বাজারে দাম বৃদ্ধির প্রভাবে দ্রব্যমূল্য ও পরিবহণ খাতে সাধারণ মানুষের ওপর চরম বোঝা তৈরি হয়েছে। জামায়াতের বিশেষজ্ঞ দলের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলার জন্য প্রদত্ত সুপারিশ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
একই দিনে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন উপলক্ষে আয়োজিত উদযাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটি প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে অ্যাক্রেডিটেশন অর্জন একটি গৌরবের মাইলফলক। তবে এই স্বীকৃতি ধরে রাখা এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা এখন আরও কঠিন দায়িত্ব হয়ে উঠেছে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ মতিন ও মো. ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী এবং হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, আর পবিত্র কুরআন তিলাওয়াত করেন মুয়াজ্জিন মাওলানা জাদুল আহমদ। সকালে ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ডা. জিয়াউর রহমান চৌধুরী।



-6ab66959b519a.jpg)
